ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সোমবার ভোরে ভলাকুট, কঠুই ও খাগালিয়া, বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব বালিখোলা প্রাথমিক বিদ্যালয় ধসে পড়ায় বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিত রায় জানান, ঝড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন বলেন, ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে।










