কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে এ সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ বাসের চার যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে চারজন, মুন্সিগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী ও ফেনীতে একজন করে আরো ১১ জনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুমিল্লা: ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে পড়ে। এ সময় বাসটির সঙ্গে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির অংশ থেকে বাসে আগুন ধরে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে তিনজন বাসের যাত্রী, অন্যজন মোটরসাইকেলের চালক। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর তারা এক নারী, এক পুরুষ ও দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন।

বাসের যাত্রী নেয়ামত উল্লাহ জানান, দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে বাসটি থামে। এ সময় একজন পুরুষ যাত্রী কুমিল্লায় যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। কিন্তু তিনি যে গন্তব্যে নামবেন, বাসটি সেখানে থামাতে রাজি ছিলেন না চালক। এ নিয়ে চালক, তার সহকারীর সঙ্গে ওই ব্যক্তির বাগবিতণ্ডা হয়। তখন বাসের চালক অমনোযোগী হয়ে যান। মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া এলাকায় বাসের চালক একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা অতিত্রুম করতে যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়।

চট্টগ্রাম: মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো নয়জন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমের ছেলে নাফিজ আয়ন (১৬), চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার মো. হেলালের মেয়ে ছানিতুন নাহার (২৫) ও গাইবান্ধার ফুলতলি থানার কাতলামারী গ্রামের মৃত নয়া ব্যাপারীর ছেলে মন্টু মিয়া (৪৫)। এদের মধ্যে নাফিজ আয়ন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। পুলিশ নিহতদের উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

চৌধুরীহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, ট্রাক ও বাসচালকরা দুর্ঘটনার পর পরই পালিয়ে গেছেন। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পিএবি সড়কের দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী আব্বাস (২৮) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের মো. মুছার ছেলে।

কর্ণফুলী থানার ওসি শাহিনুর জামান জানান, মোটরসাইকেলে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মুন্সিগঞ্জ: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে। পরে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত তারেক (৪৫) দুর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার ছিলেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, যানবাহন চালকদের মাঝে সতর্কতার অভাব, ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌরভী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেলচালক। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ভোলাহাট-কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।

টাঙ্গাইল: মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তার পরিচয় জানা যায়নি। তিনি ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।

নোয়াখালী: চাটখিলে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজভী উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকালে মহাসড়কের লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কবির আহাম্মদ (৭৫) পার্শ্ববর্তী টঙ্গীরপাড়া এলাকার বাসিন্দা।