রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার রাতে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়।

বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। এই বিজ্ঞপ্তি জারির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জানা গেছে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চারজন চিকিৎসকের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই চারজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (ভিসি) মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত। ওই মারামারির ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।