ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ঢাকার সাভার ও গাজীপুরে অভিযান চালিয়ে একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চুরখাই গ্রামের কামাল হোসেন (৫২), তার স্ত্রী জাহানারা (৪০), ছেলে রিয়াদ হোসেন (১৫) ও কামাল হোসেনের শ্যালক মো. নাঈম (১৯)।
গতকাল বেলা ১১টায় ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান বুধবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে খুন হন আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)। নিজেদের কিছু জমি বিক্রি করার পর ওই দিন তা মেপে বুঝিয়ে দিচ্ছিলেন আবুল খায়ের। কিন্তু সেখানে গিয়ে তার চাচাতো ভাই ট্রাকচালক কামাল হোসেন ও তার লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে খায়েরের ওপর হামলা চালায়। এতে আবুল খায়ের (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় র্যাব-১৪ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঢাকার সাভার উপজেলার বাইপাইল থেকে প্রধান আসামি কামাল হোসেন, তার স্ত্রী জাহানারা এবং গাজীপুরের জয়দেবপুর থেকে এজাহারে অভিযুক্ত কামালের ছেলে রিয়াদ হোসেন ও তার শ্যালক মো. নাঈমকে গ্রেফতার করে।
র্যাব-১৪ অধিনায়ক বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।’










