প্রজনন মৌসুমে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আগামীকাল মঙ্গলবার আবার মাছ ধরা শুরু হচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় ২৫ এপ্রিল মাছ শিকার বন্ধ করা হয়।

স্বাভাবিকভাবে ১ আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১০ দিন বর্ধিত করায় হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দাঁড়ায় ৩ মাস ১৫ দিনে। এসময় বন্ধ ছিল স্থানীয় বরফকলগুলো।

এদিকে, প্রায় সাড়ে ৩ মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হওয়ায় খুশিতে ব্যবসায়ী, জেলে ও বিপণনকেন্দ্র সংশ্লিষ্টরা। পাশাপাশি মাছের শুল্কহার আদায় শেষে বাজারজাতকরণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্র। প্রতিষ্ঠানটির রাঙ্গামাটির প্রধান বিপণণকেন্দ্র ছাড়াও জেলার কাপ্তাই, মারিস্যা এবং খাগড়াছড়ির মহালছড়ি উপকেন্দ্রেও শেষ সব ধরনের প্রস্তুতি।

এ প্রসঙ্গে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মাসুদ আলম বলেন, তিন মাসের বেশি সময় কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকার পর আবার মাছ ধরা শুরু হচ্ছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে মাছ ল্যান্ডিং (অবতরণ) শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।