মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের ইউপি সদস্য কামাল হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়। গতকাল দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডিতরা হলেন ওই গ্রামের মালেক জোয়ার্দ্দার (৬০) ও তার ছেলে আলমগীর জোয়ার্দ্দার (৩২)।
মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৫ মে মালেক জোয়ার্দ্দার ও তার ছেলে আলমগীরসহ অন্য আসামিরা ইউপি সদস্য কামাল হোসেনের বাড়ি গিয়ে তার ভাই কাফেল উদ্দিনকে মারধর করেন। ঘটনাটি জানতে পেরে কামাল হোসেন মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় আসামিরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা কামাল হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










