এক দফা দাবিতে বিএনপির চলমান অবরোধের
সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেয়ালে-দেয়ালে স্টিকার সাঁটিয়েছে বিশ্ববিদ্যালয়
ছাত্রদল। আজ সোমবার (৬ নভেম্বর)
সকালে এসব স্টিকার লাগায় ছাত্রদল কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের
মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, বিজনেস স্টাডিজ
ফ্যাকাল্টি, ক্যাম্পাস শ্যাডোসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশের দেয়ালে লাগানো হয়েছে
এসব স্টিকার।
এতে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
আনিসুর রহমান খন্দকার অনিকের বরাতে লেখা রয়েছে, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র
সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
ছাত্রদল সূত্রে জানা যায়, স্টিকার লাগানোর
কাজে যুক্ত ছিলেন ঢাবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আল আমিন, শেখ মুজিবুর রহমান হল
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, এফ রহমান হলের যুগ্ম সম্পাদক রাকিবুল
হাসান, প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দিকী সায়মন, সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা
সম্পাদক আবিদুর রহমান মিশুসহ ১২ জন নেতাকর্মী।
এ বিষয়ে জানতে চাইলে বণিক বার্তাকে
আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘পাহারার নামে ছাত্রলীগ ক্যাম্পাসে যে ভীতির সংস্কৃতি
চালু করেছে। সে বিষয়ে শিক্ষার্থীরা সচেতন রয়েছেন এবং উল্টো তারা ছাত্রলীগকে পাহারা
দিচ্ছে। আমাদের খোঁজ-খবর দিচ্ছে। ছাত্রলীগ যদি ভীতির সংস্কৃতি বন্ধ না করে তাহলে সাধারণ
শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা প্রতিটি হলে তাদের কক্ষে তালা ঝুলিয়ে দেবো।’
এর আগে অবরোধের সমর্থনে গতকাল রোববার
সকালে বিশ্ববিদ্যালয়ের একাধিক ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রদল। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়
এলাকার আশপাশে ঝটিকা মিছিল করলেও মূল ক্যাম্পাসে ছাত্রদলের তৎপরতা ছিল না।










