ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে পাঁচটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

হাইওয়ে পুলিশ জানায়, শরীয়তপুরের জাজিরা থেকে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে পৌঁছার পর বাসের ব্রেক ফেল করে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা গোসাইরহাট এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস, এরপর ধাক্কা লাগে ইলিশ পরিবহনের আরো একটি বাসের সঙ্গে। একই স্থানে পরপর ধাক্কা লাগে একটি প্রাইভেট কারসহ আরো দুটি যানবাহনের। পরে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টার বেশি যানবাহন চলাচল ব্যাহত হয় মহাসড়কে। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ইমাদ পরিবহনের চালক ও হেলপার।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত যানবাহন। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়।

ক্ষতিগ্রস্ত যানবাহন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।