টাঙ্গাইলে বেড়েই
চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জনের ও ও কভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে চারজনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল মোট ১৭৩ জনে।
নতুন করে ৫৯২টি
নমুনা পরীক্ষা করে ২০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৬৩
ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯১১ জন।
এদিকে চলতি
মাসের ১৪ দিনেই জেলায় ৩ হাজার ২০৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
মৃত্যু হয়েছে ৫৫ জনের। গত জুন মাসে
জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র জানায়, এখন
পর্যন্ত এ জেলায় কভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৭২৩ জন। হাসপাতালে ভর্তি
রোগীর সংখ্যা ১৪৮ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪ হাজার ৮৬৭ জন। এখন পর্যন্ত মোট ৩১
হাজার ৯৬৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। এর মধ্যে ২৬ হাজার ৫৯৪ জনকে ছাড়পত্র
দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৫১ হাজার ৯৫২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সূত্র অনুযায়ী, সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে
বেশি। সবচেয়ে
কম রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।
সিভিল সার্জন
আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই
চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরনের করোনায় আক্রান্ত। এই ধরন
খুব দ্রুতই এক জনের কাছ থেকে আরেক জনের শরীরে ছড়ায়। যার কারণে জেলায় করোনার
আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি সবাইকে সচেতন থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।










