গবেষণার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিকীকরণের উদ্দেশ্যে রিসার্চ সেল বা গবেষণা
কেন্দ্র গঠনের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এর
প্রাথমিক পদক্ষেপ হিসেবে অধ্যাদেশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে
অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত
করেছেন উপাচার্য।
অধ্যাপক নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা গবেষণায় পিছিয়ে নেই, সম্প্রতি
বিশ্বসেরা ২ ভাগ গবেষকের তালিকায় আমাদের ৬ শিক্ষক-শিক্ষার্থীর স্থান পাওয়ার
মাধ্যমে সে কথা প্রমাণিত হয়েছে। তবে মানসম্মত শিক্ষা ও গবেষণার প্রাতিষ্ঠানিকীকরণ
এবং র্যাংকিংয়ে আমাদের অবস্থান অধিকতর উন্নয়নে রিসার্চ সেল গঠনের উদ্যোগ নিয়েছি।
এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে খসড়া অধ্যাদেশ প্রণয়ণ কমিটি অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।
খসড়া কমিটিতে বিশিষ্ট প্রত্নতত্ত্ব গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব
বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার
ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা
হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, প্রাণরসায়ন
ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম খলিল, ইন্সটিটিউট
অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. শামীম কায়সার, ইন্সটিটিউট
অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক নাজমুল ইসলাম, পরিবেশ
বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী
অধ্যাপক ড. তারিকুল ইসলাম।










