দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার পরিচালন ও উন্নয়ন বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য সংশোধিত বাজেট অনুমোদন করা হয় ৯ হাজার ১৫৫ কোটি ৩৬ লাখ টাকার। এছাড়া ইউজিসির নিজস্ব আয়সহ ৮৭ কোটি ৪০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে গতকাল ১৬৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। সভায় ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে সরকারের অনুদান হিসেবে ৫ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব আয় ধরা হয় ১ হাজার ২৭২ কোটি ৫৩ কোটি টাকা। এছাড়া ৩১টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৯১৭ কোটি ৫১ লাখ টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮০৪ কোটি ৪১ লাখ টাকা এবং গবেষণা খাতেও বিশ্ববিদ্যালয়টিকে সবচেয়ে বেশি ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। ইউজিসির পূর্ণ কমিশন সভায় ২০২৪-২৫ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গবেষণা খাতে ১৮৮ কোটি ৬৫ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে গবেষণা খাতে বরাদ্দ অনুমোদন করা হয় ১৪৫ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া ইউজিসি থেকে ২০২৪-২৫ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈদেশিক পিএইচডি স্কলারশিপে ১০ কোটি টাকাসহ গবেষণা খাতে ৩৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামোর সদস্য (সচিব) রেহানা পারভীনসহ পূর্ণ কমিশনের সদস্যরা অংশ নেন।
সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও আপগ্রেডেশন বিষয়ক নীতিমালা অনুমোদনেরও সুপারিশ করা হয়। এছাড়া কোলাবরেটিভ রিসার্চ গ্রান্টস নীতিমালা ২০২৩ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল ২০২৪ অনুমোদন করা হয়।










