মুন্সিগঞ্জে দিনমজুর মতিউর রহমান কালাই হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নয়াগাঁও এলাকার কয়েকশ নারী-পুরুষ। বিক্ষোভকারীরা অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ থাকে জেলার প্রধান সড়কে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে সড়ক ছেড়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে নিহতের স্বজনরা বলেন, ‘সদর উপজেলার নয়াগাঁও গ্রামে ঘরে ঢুকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর কলাইকে হত্যা করে প্রতিপক্ষ। ঘটনার ৪০ দিন পার হলেও প্রধান আসামিসহ অভিযুক্তদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এক আসামিকে আটক করা হলেও জামিনে বের হয়ে যান তিনি। বর্তমানে উল্টো অভিযুক্তদের পক্ষ থেকে নিহতের পরিবার-স্বজনকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘কালাই হত্যার ঘটনায় প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

গত ১০ জুন শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় পূর্ববিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে মতিউর রহমান কালাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের দিল মোহাম্মদ ও তার দুই ছেলে জুবায়ের এবং জিহাদ গং। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আসিফ বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।