জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবির। সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরকে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

দায়িত্ব পাওয়ার পর আলমগীর কবির বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি উত্তোরণে দায়িত্ব গ্রহণের পরেই আমি সকল অংশীজনকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুততম তা বাস্তবায়নে সচেষ্ট হবো।

সাবেক প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, এর আগেও আমি দুইবার উপাচার্য বরাবর অব্যাহতি চাইলেও তার অনুরোধে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমার এ আব্যহতিকে আমি ইতিবাচকভাবেই গ্রহণ করেছি। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, চ্যালেঞ্জ বেড়েছে। দীর্ঘদিন এমন চ্যালেঞ্জ মোকাবেলা করা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারের দায়িত্বেই পরিবর্তন হওয়া উচিত।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এর আগে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে শহীদ তাজউদ্দীন হলেরও প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিপীড়নবিরোধী মঞ্চ।

এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। টানা তিনদিন ধারাবাহিক অবরোধের পর উপাচার্যের আশ্বাসে অবরোধ স্থগিত করেন।

উপাচার্যের সঙ্গে আলাপ শেষে আন্দোলনকারীরা বলেন, উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন যে, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম স্বেচ্ছায় ১৭ মার্চের মধ্যে পদত্যাগ করবেন। যদি পদত্যাগ না করেন তাহলে ১৮ মার্চের মধ্যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।