বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন বলে অভিযুক্ত জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার ১৭ ও পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বাম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ, উগ্রবাদী বই, লিফলেট ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গতকাল দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। প্রেস ব্রিফিংকালে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।
মঈন জানান, জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের লোয়াংমুয়ালপাড়া হয়ে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত রেমাক্রি ব্রিজসংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে এমন তথ্যে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অভিযান চালায় র্যাব। ভোরে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালিয়ে কৌশলগত অভিযান পরিচালনা করে।










