মানিকগঞ্জে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের খালপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএনপি নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে শহরের সেওতা এলাকা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোঁড়ে। পুলিশ নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার সেলের আঘাতে বিএনপি'র ২৫ নেতাকর্মী আহত হয়। অপর দিকে নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে সদর থানার ওসি আব্দুর রউফসহ তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। পরিবেশ শান্ত করতে শহরের অলিগলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ বলেন, অনুমতি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা শহরের বিক্ষোভের চেষ্টা করে। পুলিশের ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের থামাতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে আমি নিজে আহত হয়েছি। এছাড়া আমার আরো তিন পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়েছে। বাধ্য হয়ে তাদের পিছু হটাতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
এদিকে, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে দুপুরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় বিএনপি। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সংবাদ সম্মেলনে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










