মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ বলেছেন, ‘দেশের মোট বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের। এ সেক্টরে প্রতিদিন ১ হাজার কোটি টাকা লেনদেন হয়। বছরে লেনদেন হয় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। দেশের সাড়ে তিন কোটি প্রান্তিক মানুষ জড়িত রয়েছে এ সেক্টরে। তাদের বছরে সঞ্চয় হচ্ছে ৬০-৭০ হাজার কোটি টাকা। এ সঞ্চয়ী প্রান্তিক মানুষের ৯১ শতাংশই নারী, যাদের ঋণ পরিশোধ হয়েছে ৯৮ শতাংশ।’
গতকাল দুপুরে টাঙ্গাইলে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি।
উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) সহযোগিতায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় এসএসএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ৯০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।










