মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল বাজারের সরকারি জমি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুর ১২টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, দীর্ঘ ১৮ বছর উপজেলার খাসমহল গ্রামের মৃত আলম হোসেনের ছেলে আয়নাল হক নামের এক ব্যক্তি খাসমহল বাজারের সরকারি জমি দখল করে চারটি পাকা দোকান নির্মাণ করেছিলেন। দোকারঘর নির্মাণের ফলে ওই বাজারে সাপ্তাহিক হাট বসাতে সমস্যায় পড়তেন এলাকাবাসী। এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেন স্থানীয় বাজার কমিটির লোকজন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই জমি জরিপ করা হলে ৮ শতক জমি সরকারি খতিয়ানভুক্ত পাওয়া যায়। ওই ৮ শতক জমির মধ্যে ৩ শতক জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ শুরু করেন আয়নাল হক।










