বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগীয় ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এর আগে তিনদফা বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। এ সময় ‘সাইকোলজির আধিপত্য, মানি না মানবো না, বৈষম্য নিপাত যাক, সিন্ডিকেট মুক্তি পাক, ডিপার্টমেন্টে রাজনীতি চলবে না, চলবে না’সহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জান্নাত জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোয় স্ব-স্ব বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পরেই আবেদন করতে পারে শিক্ষার্থীরা। ২০২৩ সাল পর্যন্ত আমাদের বিভাগেও একই নিয়ম ছিল। কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আসার পর আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন করে মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দেয়া হয়েছে।

একই বিভাগের মাস্টার্সের স্নাতকোত্তরের সুমন আলী বলেন, আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আজ এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিভাগ চালু করতে দেব না। ২০২৫ সালের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমরা লক্ষ্য করেছি, ২০২৩ সালের নিয়োগ সার্কুলারের অর্ডিন্যান্স পরিবর্তন করে কেবল মনোবিজ্ঞান বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ সম্প্রতি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগে চিকিৎসা মনোবিজ্ঞান থেকে কাউকেই নেয়া হয়নি।

তিনি আরো বলেন, আমরা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি এ সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেয়া হয়, তাহলে আমরা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব।

এ সময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।