উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে আহত ৭ জনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ভর্তি হওয়া অনেকের অবস্থা গুরুতর। সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই সাতজনকে বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

তিনি আরো বলেন, জুনায়েদ হাসান (১১) ও এডিসন (১৫) নামের দুজনের অবস্থা বেশি খারাপ ছিল। দুজনেরই প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। এর মধ্যে জুনায়েদ মারা গেছে।

গতকাল মৈত্রী হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে সাতজনকে স্থানান্তর করা হয়। তারা হলেন, ইমাম হোসেন জুনায়েদ (১২), লরিন (৩০, শিক্ষক), জুনায়েদ হাসান, রায়হান তৌফিক (১৫), তাসমিয়া খন্দকার (১০), এডিসন (১৫) সিফাত (২১, উদ্ধারে গিয়ে দগ্ধ)।

বর্তমানে হাসপাতালটিতে জান্নাতুল মাওয়া (১২) নামে মাইলস্টোনের এক শিশু শিক্ষার্থী ভর্তি আছে।