ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হয়েছে গতকাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু। এ ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে আলো কাড়লেন বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৯ রানের খরচায় তিনি তুলে নেন বেঙ্গালুরুর মূল্যবান ৪টি উইকেট।
টস জিতে ব্যাট করতে নামা বেঙ্গালুরুকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। প্রোটিয়া তারকা চেন্নাইয়ের দিপক চাহার ও তুষার দেশপান্ডের বলে চড়াও হয়ে খেলতে থাকেন। তখনই পঞ্চম ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এসেই তৃতীয় বলে পেলেন বড় সাফল্য। ৮ বাউন্ডারিতে ৩৫ রান করা ডু প্লেসিকে ডিপ পয়েন্টে রাচিন রবীন্দ্রর ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে পড়া তার কাটারে বিভ্রান্ত হয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক।
ওই ওভারের শেষ বলে তিনি ফেরান রজত পতিদারকে। তার বলে উইকেটকিপার এমএস ধোনিকে ক্যাচ দেন রজত। বিরতি দিয়ে ১২তম ওভারে আক্রমণে এসে আবার বড় শিকার মুস্তাফিজের। এবার তিনি সাজঘরে ফেরান কোহলিকে। তার বলে বড় শট খেলতে গিয়ে আউট হন কোহলি। উড়িয়ে মারা শটে আজিঙ্কা রাহানে ডিপ মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে বল থ্রো করেন রবীন্দ্র জাদেজার দিকে, যিনি সহজেই তালুবন্দি করেন বল। একই ওভারে অস্ট্রেলিয়ান হার্ড হিটার ক্যামেরন গ্রিনকে করেন বোল্ড।
তবে মুস্তাফিজের অনবদ্য বোলিংয়ের পরও ষষ্ঠ উইকেটে দিনেশ কার্তিক ও অনুজ রাওয়াত ৫০ বলে ৯৫ রান তুলে বেঙ্গালুরুকে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। রাওয়াত ২৫ বলে ৪৮ ও কার্তিক ২৬ বলে ৩৮ রান করেন। ডু প্লেসির ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫ রান।
এ রান তাড়া করতে নেমে রাচিন, রাহানে, শিভাম দুবে ও জাদেজার ব্যাটে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে চেন্নাই। ঘরের মাঠে এ নিয়ে টানা ৮ ম্যাচে কোহলিদের দলকে হারাল চেন্নাই। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মুস্তাফিজুর।










