মাদারীপুর-৩ আসনে আওয়ামী লাগের মনোনীত প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র দুই প্রার্থী। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের (ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল) বিচারক মো. শরিফুল হক স্ব-শরীরে হাজির হয়ে গোলাপকে কারণ দর্শাতে বলেছেন। একই সঙ্গে অভিযোগকারী দুই প্রার্থীকেও প্রমাণ নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছেন।
এর আগে, গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা
ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে ওই অভিযোগপত্র দাখিল করেন
স্বতন্ত্র প্রার্থীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নৌকা প্রতীকের
প্রার্থী ড. আবদুস সোবাহন মিয়া গোলাপ শতাধিক গাড়ি বহরসহ বহিরাগত ও অনুসারীদের নিয়ে
ব্যাপক শোডাউন দেন। এমনকি ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল বাঁশি বাজিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে
মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় অর্ধশত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন
বলেও উল্লেখ করেন অভিযোগে। যা নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে।
মাদারীপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম
জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নির্বাচনী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপকে তলব করা
হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী দুই প্রার্থীকেও তথ্য প্রমাণসহ উপস্থিত থাকতে বলেছেন আদালত।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম সিদ্দিকী বলেন, আমি মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তো শো ডাউন করিনি। আমি নির্বাচনী আচরণ মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল।
অন্য স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
তৌফিকুজ্জামান শাহিন বলেন, গোলাপ সাহেব যে আচরণ বিধি ভঙ্গ করেছে তার সব ভিডিও ও স্থির
ছবি আমাদের কাছে আছে। আমি আশা করি নির্বাচন কমিশন-বিষয়টি সঠিক ভাবে আমলে নিয়ে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করবেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীদের
অভিযোগের প্রেক্ষিতেই নৌকার প্রার্থীকে আদালত তলব করেছেন। সবাইকে আচরণবিধি মেনে চলতে
হবে। তাহলে আগামীতে এমন সমস্যা হবে না।










