দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে বগুড়া, নাটোর, বরিশাল, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: আদমদীঘিতে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আরেক অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল ৮টার দিকে বগুড়া থেকে নওগাঁ যাওয়ার সময় আদমদীঘির বড় আখিড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত মিজু আহম্মেদ (২৪) একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাচালক পালিয়ে গেছেন।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, নিহতদের স্বজনরা মামলা বা অভিযোগ না করায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নাটোর: গুরুদাসপুরে ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নাজিরপুর-নাটোর আঞ্চলিক সড়কের জলারকান্দি এলাকায় ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হায়দার ও আফছার আলী নামে দুজন মারা যান। তাদের বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের মোল্লাপাড়ায়।

বরিশাল: নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে রূপাতলীর উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই অ্যানিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ভাংগাপোল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভাংগাপোল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় ফাল্গুনী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা: কলারোয়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা লেগে সুরাইয়া খাতুন নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে পৌর সদরের বেত্রবতী হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুরাইয়া উপজেলার ছলিমপুর গ্রামের অজিয়ার রহমানের মেয়ে এবং কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কলারোয়া থানার ওসি এইচএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া: জেলার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন ঝিনাইদহ সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।