‘‌মার্চ টু ঢাকা’ অভিমুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একত্রিত হওয়া ছাত্র-জনতা ঢাকা অভিমূখে রওনা দিয়েছে। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে তারা সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছেছে।

এর আগে অসহযোগ আন্দোলনে আজকের কর্মসূচি ‘‌মার্চ টু ঢাকা’-তে অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-জনতা একত্রিত হন। আজ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা সমন্বয়ক আব্দুর রশিদ জিতু জানান, তারা ঢাকা অভিমুখে রওনা হয়েছেন।

এদিকে সকাল পৌনে ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। সাভারের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার মিছিলটি পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করতে বিপরীতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ঢাকার প্রবেশমুখ আমিনবাজারসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আশুলিয়ার বাইপাইল এলাকায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, রাষ্ট্র ও জনসাধারণের জান-মাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকায় রয়েছে।