মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে আরো সময় লাগবে। সবশেষ খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবারেও ঘটনাস্থলে পৌঁছেনি উদ্ধারকারী যান ভ্যাসেল বার্জ উইন্স । চারদিন আগে চট্রগ্রাম থেকে দুইটি বার্জ উইন্স রওনা দিলেও সেগুলো ঘটনাস্থলে এখনও পৌঁছেনি।
জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দলের প্রধান আবদুর রহমান জানান, গত চারদিনে ডুবুরিরা নদীর তলদেশে ফেরির ভেতরে নজেলিং ও সলিং করে পলিমাটি সরানোর কাজ করেছে । এছাড়া মোটা লোহার তার লাগিয়ে দিয়েছে । এখন উদ্ধারকারী ভ্যাসেল বার্জ উইন্স ঘটনাস্থলে পৌঁছলে ফেরিটি তোলার কাজ শুরু হবে ।
এদিকে উদ্ধার কাজের তত্ত্বাবধানে থাকা নৌবাহিনীর ডাইভিং অ্যান্ড স্যালভেইজ ইউনিটের নির্বাহী কর্মকর্তা কমান্ডার ফয়েজ বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্যালভেজ-১ এবং স্যালভেজ-২ নামে দুইটি বার্জ উইন্স ঘটনাস্থলে পৌছার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে ফেরি তোলা কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া আগামীকাল আরো চারটি বার্জ উইন্স ফেরি উদ্ধার কাজে যোগ দিবে বলেও তিনি জানান।
জেনুইন এন্টারপ্রাইজের ম্যানেজার অজয় দেবনাথ জানান, ভ্যাসেল দুইটি চাঁদপুর এলাকা পার হয়ে ঢাকার কাছাকাছি রয়েছে।
স্রোতের কারনে আসতে দেরি হচ্ছে। গত ২৭ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাটের কাছে পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেল নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ।
উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমরে ব্যর্থতার পর ফেরি উদ্ধারের দায়িত্ব দেয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে।










