খুলনা বিভাগে সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দুজন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন। অন্যদিকে মোট সুস্থ্য হওয়া রোগীর সংখ্যা ৪৪ হাজার ৭২৭ জন। 

তিনি আরো বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে খুলনা নগরের মধ্যে কয়েকটি বড় বেসরকারি হাসপাতাল রিকুইজিশনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার থেকে নতুন হাসপাতালগুলো চালু হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় কেবল খুলনা জেলায় ৬৫৬টি নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ১৯৪ জনের। মারা গেছেন ৩৯২ জন। জেলায় বর্তমানে ৫ হাজারের মতো করোনা রোগী রয়েছেন।

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, লকডাউনের আগেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। যে কারণে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। লকডাউন অব্যাহত থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে অল্প সময়ের মধ্যে সংক্রমণ কমে আসবে।