রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে কিছুদিন ধরেই ক্যাম্পাসে আলোচনা চলছে। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন গঠন করা হলেও এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি কমিশন। তবে গতকাল রাকসু ট্রেজারার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ জানান, ৩০ জুনের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে চান তারা।

এদিকে ডাকসু ও জাকসু নির্বাচনের তারিখ এরই মধ্যে ঘোষণা হয়ে গেলেও কেন রাকসু নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাকসু ইসি বলেন, ‘আমাদের কার্যক্রম চলমান রয়েছে, শিগগিরই সুখবর দিতে পারব। ঢাকা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে নয়, বরং আমাদের অভিজ্ঞতাই যেন তারা ভবিষ্যতে নিতে পারে এ আত্মবিশ্বাস নিয়েই আমাদের কমিশন কাজ করছে।’

অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ জানান, নির্বাচনের আগে যেসব কাজ থাকে, সেগুলো ঈদের আগেই শুরু করা হয়েছে। অংশীজনদের সঙ্গে বৈঠকের প্রক্রিয়াগুলো চলছে, প্রভোস্টদের সঙ্গেও কথা বলা শেষ হয়েছে। ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপসহ ছাত্রদের সঙ্গে বসবে ইসি।