রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে কাপ্তাই হ্রদে নৌকা ডুবে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিরিনা বেগম (৪০), রানা (৭) ও মাসুম (৫)।

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় মাইনীমুখ এলাকা থেকে পাঁচজন একটি ছোট নৌকা নিয়ে গুলশাখালীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে হঠাৎ ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকায় একজন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু ছিল। খবর পেয়ে রাতেই স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে এক মহিলাকে উদ্ধার করেন।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, রাত ৮টার পর ঝড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। রাতেই এক শিশুর মরদেহ পাওয়া যায়। পরের দিন সকালে এক মহিলা ও দুপুরে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে জেলার নানিয়ারচর উপজেলাতেও নৌকা ডুবির ঘটনা ঘটে। সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা জানান, ছয়জন কলেজ পড়ুয়া ছাত্র উপজেলা বাজারে দুর্গা দেখতে গিয়েছিলেন। রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় মহাজনপাড়া এলাকায় ঝড়ে নৌকা উল্টে যায়। এর মধ্যে চারজন সাঁতরে কূলে পৌঁছান। কিন্তু দুইজন সাঁতার না জানায় নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন। রাঙ্গামাটি শহর থেকে ডুবুরি দলকে জানানো হয়েছে। নিখোঁজ দুইজন হলেন ডিলিশন চাকমা ও জিতেশ চাকমা।