স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি।
মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি
জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা
নিবেদন করা হয়।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের অর্থ ও
পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান, কো-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী
এবং সদস্য সচিব আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা
আয়শা খানের নেতৃত্বে কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার
পরিবারের সব শহীদ ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ নীরবতা
পালন করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির
সদস্যরা উপস্থিত ছিলেন।









