চাঁদপুরে চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ মে) বিকেলে চাঁদপুর- রায়পুর সড়কের গাছতলা বাদামতলা এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন ১৮ ও আদর্শ মুসলিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। এই ঘটনায় তাদের সঙ্গে থাকা রাহাত (১৬) নামের আরেক বন্ধু আহত হয়েছেন।
নিহতের স্বজন ও একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তারা তিন বন্ধু একটি মোটরসাইকেল করে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ঘুরে বেড়াতে যান। সেখান থেকে তারা ফিরে আসার সময় টিকটক বানানোর জন্য চলন্ত মোটরসাইকেলে মুঠোফোন দিয়ে ভিডিও করতে ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুজনকে মৃতই নিয়ে আসা হয়েছে।










