খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদ জায়গায় সরে যেতে মাইকিং করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়া পাহাড়ি এলাকার সড়কে যানবাহন চলাচলকারীদের গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান,  তিনদিন ধরে জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সচেতন ও সতর্ক থাকতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া  হয়েছে। শনিবার জেলা শহরের শালবাগান, কলাবাগান, কুমিল্লাটিলা, সবুজবাগ এলাকায় পাহাড়ের পাদদেশে ও নিম্নাঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি তথ্য অফিসের মাধ্যমে সড়ক প্রচার কার্যক্রম চালানো হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, ‘প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেয়। এছাড়া পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বাড়ে। এ সময় মানুষজন যাতে ঝুঁকি এড়িয়ে চলে সেই বিষয়ে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। টানা বৃষ্টির কারণে শহরের জেলগেট ও নতুনকুঁড়ি এলাকায় গাছ উপড়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা গাছগুলো কেটে সরিয়ে নিয়েছেন।’