সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা ভারতকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হারিয়ে দিল জিম্বাবুয়ে, যারা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বই পার হতে পারেনি! যদিও জিম্বাবুয়ের সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। এ দলে বিশ্বকাপজয়ীদের কেউই নেই।
হারারেতে গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১১৫ রান তুলতে সমর্থ হয় জিম্বাবুয়ে। লেগ স্পিনার রবি বিষ্ণয় চারটি ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর দুটি উইকেট নেন। জিম্বাবুয়ের ক্লাইভ মাদেন্দে ২৯, ডিওন মায়ার্স ২৩ ও ব্রায়ান বেনেট ২২ রান করেন।
ছোট টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে ভারত। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে ফেরান ব্রায়ান বেনেট। এরপর সিকান্দার রাজা (৩/২৫), তেন্দাই চাতারার (৩/১৬) দুর্দান্ত বোলিংয়ের মুখে অতিথি দলটি ১৯.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায়। ১৯ বলে ১৭ রান করার পর বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন জিম্বাবুয়ের দলনায়ক সিকান্দার রাজা।
এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল জিম্বাবুয়ে। আজ বিকাল ৫টায় একই মাঠে দ্বিতীয় ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৫/৯। ভারত: ১৯.৫ ওভারে ১০২/১০। ফল: জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।










