চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে ৮ জনের মৃতদের চমেক হাসপাতালে আনা হয়েছে। আহত যিনি চিকিৎসাধীন রয়েছেন, তারা অবস্থা মোটামুটি ভালো। তিনি জানান, গ্যাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সহজ নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ সংশ্লিষ্টরা কাজ করছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তদন্তের আগে এ বিষয়ে কারো পক্ষেই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করে আনা এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

আমির খসরু আরো বলেন, সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে যদি এ ঘটনা ঘটে থাকে, তদন্তে তা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের একের পর এক দুর্ঘটনা শিল্পখাতের জন্য হুমকি তৈরি করছে। তাই দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি।

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, বিএনপি নেতা আবুল হাসেম বক্করসহ অন্যরা উপস্থিত ছিলেন।