রাজশাহীর মোহনপুর উপজেলার একটি পটল ক্ষেত থেকে মিলেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মীর মরদেহ। মৃত ব্যক্তির নাম শাহাবুল ইসলাম (৪২)। তিনি উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল এলাকার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তিনি বণিক বার্তা প্রতিবেদককে জানান, শাহাবুল কেশকহার পৌসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।
তিনি আরো জানান, সাহাবুল গতকাল মঙ্গলবার ১১টার দিকে বাড়ি থেকে বের হন। সারা দিন বাড়িতে না ফেরায়, রাত থেকে তার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বুধবার সকালে স্থানীয় এক কৃষক তার পটলের জমিতে কাজে গেলে সাহাবুলের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহালে মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখেও বিষ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে বলেও জানান তিনি।










