ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আঁধারে এক কৃষকের দুই শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ধারা ইউনিয়নের বাড়ইগাঁও এলাকার কৃষক পশর আলীর জমিতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে জমির ফলন্ত কলা গাছ কাটা অবস্থায় দেখে কৃষকের স্ত্রী লাকী আক্তার কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি দেখে স্থানীয়রাও হতবাক ।
সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষক পশর আলী তার বাড়ির পাশেই ২৫ শতাংশ জমিতে দুই শতাধিক নেপালি জাতের সাগর কলা গাছ রোপণ করেন কয়েক মাস আগে। এরই মধ্যে অনেক গাছে কলা ধরতে শুরু করেছে। আর কিছুদিন পরই কলা বাজারজাত করার কথা ছিল তার। কিন্তু শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের কলা গাছ কেটে ফেলে।
কৃষক পশর আলী বর্তমানে হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করছেন। এ বিষয়ে তার স্ত্রী লাকী আক্তার বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরেই প্রতিপক্ষ নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ ধারাবাহিকতায় শনিবার রাতে প্রতিপক্ষরা আমার বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেন। আমাদের ক্ষতিসাধন না করতে পেরে রাতের আঁধারে আমার দুই শতাধিক কলা গাছ কেটে ফেলে। আমি এ ঘটনায় থানা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করব।’’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কৃষকের ক্ষতিসাধন কোনোভাবেই কাম্য নয়। কৃষিক্ষেত্রকে এগিয়ে নিতে একজন কৃষকের ভূমিকা অপরিহার্য। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষককে আইনি কার্যক্রমের পাশাপাশি অন্য সহায়তা দেব।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










