সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। শুক্রবার রাত ১০টার দিকে তাকে বহনকারী বাসটি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছায়। সেখানে পৌঁছাতে সময় লাগে পাঁচ ঘণ্টার মতো। স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।
সূর্যাস্তের আগে পৌঁছতে না পারায় বিকাল ৫টার পর তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানসহ একটি প্রতিনিধিদল।
এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখতে সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এদিন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় বিকাল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান তিনি। এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে বুলেটপ্রুফ বাসে করে রওনা হন তিনি।















