জাতীয় সংসদে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার চাইবেন বলে জানিয়েছেন শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে জোটগতভাবে মনোনয়নপত্র জমা দেয়ার পর আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রোকেয়া বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করলে বিএনপিও জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের থেকে কাউকে মনোনয়ন দিত।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, জাতীয় সংসদে এক পরিবারের দুজন সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান নয়। আমাদের অন প্রিন্সিপাল—এক পরিবারে দুজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অনুমোদন করিনি। এবারও এটা করা হয় নাই।
তিনি আরো বলেন, দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তার চেয়ে জামায়াত ইসলামীর ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আছেন।
মনোনয়ন জমা দেয়ার পর জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা সাংবাদিকদের বলেন, দলীয় আমিরের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হয়েছেন। জাতীয় সংসদে গিয়ে নারীদের জন্য, বিশেষ করে যারা বঞ্চিত নারী আছেন, তাদের জন্য ভূমিকা রাখতে চাই।










