পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে পরিত্যক্ত ১৯০ টন গম ধ্বংস করা হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় পচে দুর্গন্ধ বের হচ্ছিল বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘদিন চিঠি চালাচালির পর গতকাল দুপুরে পাঁচ টন ডলোমাইট পাউডারসহ গমগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালের ১৮ জানুয়ারি মেসার্স ইমতিয়াজ ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ১৯০ টন গম আমদানি করে। কিন্তু আমদানীকৃত গমে জীবাণু থাকার আশঙ্কায় ছাড়পত্র দেয়নি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। পরে গমের নমুনা পরীক্ষার জন্য ঢাকার কৃষি সম্পসারণ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়।
স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রায় ছয় বছর গমগুলো দুটি ওয়্যারহাউজে রাখা ছিল। পোকার আক্রমণে সেগুলো নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্টদের বারবার চিঠি দিলেও কোনো কাজ হয়নি। গমের স্তূপে পোকামাকড়, ইঁদুর ও বিষধর সাপের উৎপাত বেড়ে গিয়েছিল। অবশেষে বন্দর কমিটির নির্দেশনায় গমগুলো ধ্বংস করা হয়।’










