একাদশ গ্লোবাল বাকু কনফারেন্সে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনের শেষ দিনে অধ্যাপক ইউনূসকে ইউনেস্কোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়। গতকাল ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত এ একাদশ বিশ্ব বাকু ফোরামের মূল বিষয়বস্তু ছিল ‘ফিক্সিং দ্য ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড’। ফোরামে বিশিষ্ট নেতা ও নোবেল লরিয়েটদের উপস্থিতি পৃথিবীর সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো যেমন দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবায় অধিকার, টেকসই পরিবেশ নিশ্চিত করা ইত্যাদি ক্ষেত্রে সমন্বিত কর্ম প্রচেষ্টার গুরুত্ব বহন করে।
গ্লোবাল বাকু সম্মেলনের ভাষণে ড. ইউনূস প্রতিটি মানুষের উদ্যোক্তা শক্তিকে বিকশিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ কেন্দ্রীকরণের বিপরীত প্রবাহ সৃষ্টি করতে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কমিউনিটিগুলোকে নিজ নিজ সমস্যার সমাধানকল্পে ক্ষমতায়িত করার আহ্বান জানান।
বিবৃতিতে আরো বলা হয়—ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃৎ হিসেবে এ দুটি ক্ষেত্রে তার বিপুল অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি একটি তিন শূন্য, অর্থাৎ শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীকে পুনর্গঠিত করতে উদ্ভাবনমূলক সমাধান ও সহযোগিতামূলক কর্মকাণ্ডের ওপর জোর দেন।










