মাগুরার শ্রীপুর উপজেলার সরইনগর-খোর্দ্দরহুয়া গ্রামে বৈদ্যুতিক মিটার ভাঙাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত আলাউদ্দিন ফকির (৫৫) খোর্দ্দরহুয়া গ্রামের বাসিন্দা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গতকাল দুপুরে তিনি মারা যান।

আহতরা হলেন শ্রীকোল ইউপি সদস্য আবু বক্কার মোল্যা (৫০), আকিদুল ইসলাম (৩০), আতিয়ার খাঁ (৪০), সাব্বির মোল্যা (৩০), সাদ্দাম হোসেন (৩০), কাকলী বেগম (২৫), রেহেনা বেগম (২৫), গোলাম রসুল মোল্যা (৬৩), ওসমান গনি মিয়া (১৮), আবু তাহের মোল্যা (৩০)। আহতদের মাগুরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষ চলাকালে দোকানসহ ২৫টি বাড়ি-ঘর ভাংচুুর ও লুটপাট হয়েছে। এলাকা থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসী জানায়, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মোল্যা ও বর্তমান ইউপি সদস্য আবু বক্কার মোল্যার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৈদ্যুতিক মিটার ভাঙার ঘটনায় সরইনগর গ্রামের কিছু যুবক গত রাতে বক্কার মেম্বারের নামে গালাগাল করে। এতে তিনি নিজ গ্রাম খোর্দ্দরহুয়া গিয়ে শতাধিক লোক নিয়ে সরইনগর আসেন। তারা গোলাম রসুল মোল্যার বাড়ির বৈদ্যুতিক মিটার ও দোকান ভাংচুর করেন। প্রতিবাদ করতে গেলে মেম্বারের লোকজন গোলাম রসুল মোল্যাকে মারধর করেন। সোমবার বিকালে কাজীবাড়ী মোড়ে ইউপি সদস্য বক্কার মোল্যাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার জেরে গতকালও সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে আলাউদ্দিন ফকিরের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।