গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ১২ শিক্ষার্থী জাপানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তি পেয়েছেন। তাদের মধ্যে নয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বৃত্তির আওতায় প্রতিজন বার্ষিক ৩৮ হাজার টাকা হারে তিন বছর পর্যন্ত এ আর্থিক সুবিধা পাবেন। এর আগে চলতি বছরের অক্টোবরে গাকৃবির আরো ২০ শিক্ষার্থী একই বৃত্তি লাভ করেছিলেন।

বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্যের স্বীকৃতি পাচ্ছে, তা আমাদের জন্য গর্বের। এ বৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নে শিক্ষার্থীদের দায়িত্ব ও অঙ্গীকারকে আরো দৃঢ় করবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশকে যে ধারাবাহিক সহায়তা জাপানের এনইএফ দিয়ে আসছে, তা দুই দেশের বন্ধুত্ব ও বৈশ্বিক পরিবেশ চিন্তার এক অনন্য উদাহরণ।’

ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্ট অনুষদের শিক্ষার্থী নাফিসা জান্নাত অমি তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে হয়েও এনইএফ বৃত্তি পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতে জাপানের উচ্চশিক্ষা গ্রহণ করে এমন কিছু করতে চাই, যা দেশ ও বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।’