ফরিদপুরের মধুখালী হতে মাগুরার রামনগর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর পৌঁনে ১২ টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান,  ফরিদপুর জেলার মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা  সদর উপজেলার রামনগর পর্যন্ত এ রেল লাইন নির্মাণ ১২’শ ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়  ধরা হয়েছে। নতুন রেলপথের দৈর্ঘ্য হবে ২৪.৮ কিলোমিটার।

রেলপথের জন্য  মাগুরা ও কামারখালীতে ২টি নতুন স্টেশন ও ২টি প্লাটফর্ম, ২টি সেড নির্মাণ, একটি আন্ডারপা নির্মাণ। গড়াই ও চন্দনায় ২টি রেল সেতু, ২৮টি ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহনের কাজ চলছে।

এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রেল সচিব সেলিম রেজা। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।