স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বদলি করা হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে চুক্তি ভিত্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে নতুন সচিব দেয়া হয়েছিল। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

১৪ আগস্ট বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছিল। আজ তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।

যে পাঁচজন অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিতে সচিব করা হয়েছে তার মধ্যে শেখ আবদুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মোহাম্মদ আবদুল মোমেনকে জননিরাপত্তা বিভাগ, নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাদের দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।