খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল বেলা ১১টায় তিনি ফেনী নদীর ওপর নির্মিত এ সেতু ঘুরে দেখেন।

এ সময় মাসুদ বিন মোমেন বলেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’-এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সেতুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, তবে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলেও জানিয়েছেন তিনি।

পরিদর্শনকালে সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।