নেত্রকোণার কলমাকান্দায় হাত-পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে একটি পুকুরের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুজিবুর রহমান (৫০) তেরোতোপা গ্রামেরই বাসিন্দা। নিজ বাড়ির পুকুরের পাশেই তার মৃতদেহ মেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ শনাক্ত করেছেন নিহতের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুজিবুর রহমানকে হত্যার পর হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।










