কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় ভুট্টু ইসলাম (৪৬) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক পৌর বাজার এলাকায় কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।










