বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মঈন খান বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২৪ সালে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে বিদায় করেছে। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে মাঝেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আওয়ামী সরকার দেশ ও দেশের মানুষকে ভালোবাসেনি, তারা ভালোবেসেছিল দেশের অর্থকে। তাই তারা দেশের অর্থ লুটপাট করে পালিয়েছে। আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছে। তাই দেশের মানুষ আজ ভালো নেই বলেও জানিয়েছেন তিনি।
বিএনপি'র স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি ৩৫ বছর যাবত বাংলাদেশ ও দেশের মানুষের সাথে থেকে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সুযোগ পেলে কাজ করবে।
তিনি আরো বলেন, যেহেতু একটি সরকার দেশের অর্থ লুট করে পালিয়েছে তাই দেশকে নিয়ে নতুন করে ভাবতে হবে। আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে বিজয়ী করে পার্লামেন্টে পাঠালে আমরা দেশের পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করে যাব।
এ পথসভায় পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপি'র সভাপতি আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন















