পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে গ্রিন সিটির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম কুন আলেকজান্ডার (৩১)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘টেস্ট রোসেম লিমিটেড’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
পুলিশ জানায়, আলেকজান্ডার গত মঙ্গলবার রাতে কাজ শেষ করে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। কক্ষটি তখন ভেতর থেকে বন্ধ ছিল। পরে থানায় খবর দেয়া হলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, রুশ নাগরিকের মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদনে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।










