মৌলভীবাজারের বড়লেখায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে রুবিয়া বেগম (৪২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষকের স্বামী আব্দুল করিমও (৪৮) দগ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। রুবিয়া বেগম উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলের করিমের স্ত্রী ও উপজেলার কান্দিগ্রাম মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা জানান, রান্নাঘরটি বদ্ধ ছিল। এ কারণে সিলিন্ডার লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে যায়। রান্নার জন্য চুলা জ্বালাতেই শরীরে আগুন ধরে যায় ওই শিক্ষকের।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে স্কুলশিক্ষক রুবিয়া বেগম মারা গেছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।










