বগুড়ায় যাত্রীবাহী বাস ছিনতাইয়ের চেষ্টাকালে আতঙ্কে বাস থেকে লাফিয়ে
পড়ে একজন ছাত্রী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম সানজিদা স্বর্ণা। তিনি
ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) অধ্যয়নরত ছিলেন।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় এ ঘটনার পরপরই বাস ছিনতাই চেষ্টার সঙ্গে জড়িত রনি মোল্লাকে আটক করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম
জানান, শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়ার পথে ছেড়ে এসে জেলার
শেরপুর উপজেলার ধনকুন্ডি ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক
যাত্রী বাস থেকে নেমে যান। বাসের মধ্যে ওই শিক্ষার্থীসহ আরো তিন নারী যাত্রী ছিলেন।
কিছুক্ষণ পর একজন যুবক গাড়ি চালিয়ে নিয়ে সেখান থেকে বের হন। এরপর মহাসড়কে ওঠার
পর গাড়িটি বেপরোয়া গতিতে চালাতে থাকেন ওই যুবক। এ সময় বাসের ভেতরের চারজন যাত্রী
চিৎকার করতে থাকেন। এ সময় গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছালে বাস ছিনতাই আতঙ্কে
ওই ছাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত স্বর্ণা বগুড়ার উপশহরের বাসিন্দা।
এদিকে আটক রনি মোল্লা বাসটি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায়
রেখে পালিয়ে যান। ওই গাড়ির স্টেয়ারিংয়ের নিচে পাওয়া মানিব্যাগের কাগজপত্র
থেকে পাওয়া তথ্য নিয়ে রনিকে আটক করা হয়। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছিনতাইকারী
রনি এই বাসে বগুড়ায় আসছিল। সে একজন ট্রাকচালক। সে কেন এ কাজটি করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।










