পাবনায় স্কয়ার গ্রুপের একটি কসমেটিকসের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় শহরের লস্করপুরের খাঁ পাড়ায় স্কয়ারের ওই গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এখানে বিভিন্ন জাতীয় দাহ্য কেমিক্যাল মজুদ করা ছিল বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল আহসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১টায় আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫ ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিটসহ ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন অগ্নি নির্বাপক কর্মিরা।

স্থানীয় লোকজন জানান, স্কয়ারের কসমেটিকসের গোডাউনে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলছে দেখতে পাই। তখন গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসে। আমরা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে আমরাও আগুন নেভাতে কাজ করছি।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটি মূলত স্কয়ারের পুরনো কসমেটিকসের একটি গোডাউন। আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।